শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সূরা আল-ফাতিহা বাংলা উচ্চারণ অর্থসহ | Surah Al Fatiha


সূরা আল ফাতিহা কুরআন শরীফের ১ম সূরা। (আরবি: سورة الفاتحة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের প্রথম সূরা। এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। এটি আল্লাহ্ এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। সূরা ফাতিহাকে ভেঙে পড়ার বিধান নেই।

অর্থসহ আয়াতঃ

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ    

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।

ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ ۝‎ ( ١ )  

আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।

১। সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।

ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎ ( ٢ )  

আর রাহমা-নির রাহীম।

২। অনন্ত দয়াময়, অতীব দয়ালু।

مَالِكِ يَوْمِ ٱلدِّينِ ۝‎ ( ٣ )  

মা-লিকি ইয়াওমিদ্দীন।

৩। প্রতিফল দিবসের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۝‎ ( ٤ )  

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।

৪। আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।

ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ ۝‎ ( ٥ )

 ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।

৫। আমাদের সরল পথনির্দেশ দান করুন।

صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ۝‎ ( ٦ )  

সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।

৬। তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন।

غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ ۝‎ ( ٧ )  

গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। 

৭। এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট । 



নামকরণঃ

ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।

হাদিসে এ সুরার আরও চারটি নাম পাওয়া যায় যার একটি হলো উম্মুল। তবে ইসলামী লেখালিখিতে এ সুরার অন্ততঃ ২৩ অভিধা রয়েছে। একে সাবআ মাসানী বা বহুল পঠিত সাত আয়াত বলা হয়। এই সূরাটির অন্য কয়েকটি নাম রয়েছে। যেমন- ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্সাব্'য়ুল মাসানী।



অবতীর্ণ হওয়ার সময়কালঃ 

এটি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদ (সাঃ) এর ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল। সেগুলো সূরা 'আলাক্ব', 'মুয্যাম্মিল' ও 'মুদ্দাস্সির' ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।

আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।
Thanks for reading this post. For any quary contact with us by WhatsApp https://chat.whatsapp.com/Fx5E2Otzhqn4nIBXRXpsFk

মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় | The identity of Allah, the Creator of the universe


আল্লাহর পরিচয়

আরবি ভাষায় মুসলিমদের উপাস্যের নাম আল্লাহ (আরবি: الله) এটি ইব্রাহিমীয় ধর্মসমূহে সৃষ্টিকর্তা বুঝাতে ব্যবহৃত হয়। বাংলা ভাষায়, শব্দটি সাধারণত ইসলাম ধর্মে স্রষ্টাকে বুঝায়। "আল্লাহ" শব্দটি "আল" ও "ইলাহ" এর সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে উদ্ভূত বলে মনে করা হয়। এটি ভাষাগতভাবে হিব্রু এবং আরামীয় ভাষায় ঈশ্বরের প্রতিশব্দ "এল" (এলোহিম) ও "এলাহ" এর সাথে সম্পর্কিত।

ইসলাম-পূর্ব সময় থেকে আরবের বিভিন্ন ধর্মের লোকেরা "আল্লাহ" শব্দটি ব্যবহার করে আসছে। সুনির্দিষ্টভাবে, "স্রষ্টা" বুঝাতে মুসলিমগণ ও আরব খ্রিস্টানগণ এই শব্দটি ব্যবহার করে থাকে। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও "আল্লাহ" শব্দটি ব্যবহার করে থাকে। পশ্চিম মালয়েশিয়ায় খ্রিস্টান ও শিখদের "আল্লাহ" শব্দটির ব্যবহার সম্প্রতি রাজনৈতিক ও আইনগত বিতর্কের সৃষ্টি করেছে।

আল্লাহ" শব্দের দ্বিতীয় অক্ষর লাম (ل) কয়েক ভাবে উচ্চারিত হয়। এই শব্দটির পূর্ববর্তী অক্ষরে যবর বা পেশ থাকলে 'লাম' ভাবগম্ভীর স্বরে উচ্চারিত হয়। আবার যদি পূর্ববর্তী অক্ষরে যের থাকে তাহলে 'লাম' হালকা স্বরে উচ্চারিত হয়। 

ইসলামি ধর্মবিশ্বাস অনুযায়ী, "আল্লাহ" হলো একমাত্র প্রশংসাযোগ্য ও সর্বশক্তিমান সত্তার প্রকৃত নাম এবং তার ইচ্ছা ও আদেশসমূহের প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রদর্শন ইসলামি ধর্মবিশ্বাসের মূলভিত্তি হিসেবে বিবেচিত। "তিনিই একমাত্র উপাস্য, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক।" "তিনি এক (ٱلْوَٰحِدُ), অদ্বিতীয় (ٱلْأَحَد), পরম করুণাময় ও সর্বশক্তিমান।" বিচার দিবস পর্যন্ত কোন মানুষের চোখ আল্লাহকে দেখতে পাবে না। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনে আল্লাহ বাস্তব সত্তা, তার গুণাবলি ও বিভিন্ন নাম, তার সাথে সৃষ্টির সম্পর্ক ও আরও অনেক বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ কোন কিছুর উপর নির্ভরশীল নন এবং খ্রীষ্টীয় ত্রিত্বের অংশ নন। আল্লাহর কোন পিতা-মাতা নেই এবং সন্তান নেই।



আসমাউল হুসনা বা আল্লাহর গুণবাচক নাম

আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى) হলো ইসলাম ধর্ম মতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন। ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন। আল্লাহর গুণবাচক ৯৯ টি নাম নিচে দেওয়া হল।

১ আরবী উচ্চারণঃ الله, বাংলা উচ্চারণঃ আল্লাহ, অর্থঃ আল্লাহ

২ আরবী উচ্চারণঃ الرحمن, বাংলা উচ্চারণঃ আর-রহ'মান, অর্থঃ পরম দয়ালু

৩ আরবী উচ্চারণঃ الرحيم, বাংলা উচ্চারণঃ আর-রহী'ম, অর্থঃ অতিশয়-মেহেরবান

৪ আরবী উচ্চারণঃ الملك, বাংলা উচ্চারণঃ আল-মালিক, অর্থঃ সর্বকর্তৃত্বময়, সর্বাধিকারি

৫ আরবী উচ্চারণঃ القدوس, বাংলা উচ্চারণঃ আল-ক্বুদ্দুস, অর্থঃ নিষ্কলুষ, অতি পবিত্র

৬ আরবী উচ্চারণঃ السلام, বাংলা উচ্চারণঃ আস-সালাম, অর্থঃ নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী

৭ আরবী উচ্চারণঃ المؤمن, বাংলা উচ্চারণঃ আল-মু'মিন, অর্থঃ নিরাপত্তা ও ঈমান দানকারী

৮ আরবী উচ্চারণঃ المهيمن, বাংলা উচ্চারণঃ আল-মুহাইমিন, অর্থঃ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী

৯ আরবী উচ্চারণঃ العزيز, বাংলা উচ্চারণঃ আল-আ'জীজ, অর্থঃ সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত

১০ আরবী উচ্চারণঃ الجبار, বাংলা উচ্চারণঃ আল-জাব্বার, অর্থঃ দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত, পরাক্রমশালী

১১ আরবী উচ্চারণঃ المتكبر, বাংলা উচ্চারণঃ আল-মুতাকাব্বিইর, অর্থঃ সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত

১২ আরবী উচ্চারণঃ الخالق, বাংলা উচ্চারণঃ আল-খ'লিক্ব, অর্থঃ সৃষ্টিকর্তা

১৩ আরবী উচ্চারণঃ البارئ, বাংলা উচ্চারণঃ আল-বারী, অর্থঃ বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী

১৪ আরবী উচ্চারণঃ المصور, বাংলা উচ্চারণঃ আল-মুছউইর, অর্থঃ আকৃতিদানকারী

১৫ আরবী উচ্চারণঃ الغفار বাংলা উচ্চারণঃ আল-গফ্ফার, অর্থঃ মহাক্ষমতাশীল

১৬ আরবী উচ্চারণঃ القهار বাংলা উচ্চারণঃ আল-ক্বহার অর্থঃ দমনকারী

১৭ আরবী উচ্চারণঃ الوهاب বাংলা উচ্চারণঃ আল-ওয়াহ্হাব অর্থঃ স্থাপনকারী

১৮ আরবী উচ্চারণঃ الرزاق বাংলা উচ্চারণঃ আর-রাজ্জাক্ব অর্থঃ প্রদানকারী, জীবিকাদাতা

১৯ আরবী উচ্চারণঃ الفتاح বাংলা উচ্চারণঃ আল ফাত্তাহ অর্থঃ প্রারম্ভকারী, বিজয়দানকারী

২০ আরবী উচ্চারণঃ العليم বাংলা উচ্চারণঃ আল-আ'লীম অর্থঃ সর্বজ্ঞানী, সর্বদর্শী

২১ আরবী উচ্চারণঃ القابض বাংলা উচ্চারণঃ আল-ক্ববিদ্ব' অর্থঃ নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী

২২ আরবী উচ্চারণঃ الباسط বাংলা উচ্চারণঃ আল-বাসিত অর্থঃ প্রসারণকারী

২৩ আরবী উচ্চারণঃ الخافض বাংলা উচ্চারণঃ আল-ক্বফিধ' অর্থঃ (অবিশ্বাসীদের) অপমানকারী

২৪ আরবী উচ্চারণঃ الرافع বাংলা উচ্চারণঃ আর-রফীই' অর্থঃ উন্নীতকারী

২৫ আরবী উচ্চারণঃ المعز বাংলা উচ্চারণঃ আল-মুই'জ্ব অর্থঃ সম্মানপ্রদানকারী

২৬ আরবী উচ্চারণঃ المذل বাংলা উচ্চারণঃ আল-মুদ্বি'ল্লু অর্থঃ সম্মানহরণকারী

২৭ আরবী উচ্চারণঃ السميع বাংলা উচ্চারণঃ আস্-সামিই' অর্থঃ সর্বশ্রোতা

২৮ আরবী উচ্চারণঃ البصير বাংলা উচ্চারণঃ আল-বাছীর অর্থঃ সর্বদ্রষ্টা

২৯ আরবী উচ্চারণঃ الحكم বাংলা উচ্চারণঃ আল-হা'কাম অর্থঃ বিচারপতি

৩০ আরবী উচ্চারণঃ العدل বাংলা উচ্চারণঃ আল-আ'দল অর্থঃ নিখুঁত

৩১ আরবী উচ্চারণঃ اللطيف বাংলা উচ্চারণঃ আল-লাতীফ অর্থঃ অমায়িক, সূক্ষ্ম দক্ষতাকারী

৩২ আরবী উচ্চারণঃ الخبير বাংলা উচ্চারণঃ আল-খ'বীর অর্থঃ সম্যক অবগত

৩৩ আরবী উচ্চারণঃ الحليم বাংলা উচ্চারণঃ আল-হা'লীম অর্থঃ ধৈর্যবান, প্রশ্রয়দাতা

৩৪ আরবী উচ্চারণঃ العظيم বাংলা উচ্চারণঃ আল-আ'জীম অর্থঃ সুমহান

৩৫ আরবী উচ্চারণঃ الغفور বাংলা উচ্চারণঃ আল-গফুর অর্থঃ মার্জনাকারী

৩৬ আরবী উচ্চারণঃ الشكور বাংলা উচ্চারণঃ আশ্-শাকুর অর্থঃ সুবিবেচক

৩৭ আরবী উচ্চারণঃ العلي বাংলা উচ্চারণঃ আল-আ'লিইউ অর্থঃ মহীয়ান

৩৮ আরবী উচ্চারণঃ الكبير বাংলা উচ্চারণঃ আল-কাবিইর অর্থঃ সুমহান

৩৯ আরবী উচ্চারণঃ الحفيظ বাংলা উচ্চারণঃ আল-হা'ফীজ অর্থঃ সংরক্ষণকারী

৪০ আরবী উচ্চারণঃ المقيت বাংলা উচ্চারণঃ আল-মুক্বীত অর্থঃ লালনপালনকারী

৪১ আরবী উচ্চারণঃ الحسيب বাংলা উচ্চারণঃ আল-হাসীব অর্থঃ মীমাংসাকারী

৪২ আরবী উচ্চারণঃ الجليل বাংলা উচ্চারণঃ আল-জালীল অর্থঃ গৌরবান্বিত

৪৩ আরবী উচ্চারণঃ الكريم বাংলা উচ্চারণঃ আল-কারীম অর্থঃ উদার, অকৃপণ

৪৪ আরবী উচ্চারণঃ الرقيب বাংলা উচ্চারণঃ আর-রক্বীব অর্থঃ সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী

৪৫ আরবী উচ্চারণঃ المجيب বাংলা উচ্চারণঃ আল-মুজীব অর্থঃ সাড়া দানকারী, উত্তরদাতা

৪৬ আরবী উচ্চারণঃ الواسع বাংলা উচ্চারণঃ আল-ওয়াসি' অর্থঃ অসীম, সর্বত্র বিরাজমান

৪৭ আরবী উচ্চারণঃ الحكيم বাংলা উচ্চারণঃ আল-হাকীম অর্থঃ সুবিজ্ঞ, সুদক্ষ

৪৮ আরবী উচ্চারণঃ الودود বাংলা উচ্চারণঃ আল-ওয়াদুদ অর্থঃ স্নেহশীল

৪৯ আরবী উচ্চারণঃ المجيد বাংলা উচ্চারণঃ আল-মাজীদ অর্থঃ মহিমান্বিত

৫০ আরবী উচ্চারণঃ الباعث বাংলা উচ্চারণঃ আল-বাই'ছ' অর্থঃ পুনরুত্থানকারী

৫১ আরবী উচ্চারণঃ الشهيد বাংলা উচ্চারণঃ আশ্-শাহীদ অর্থঃ সাক্ষ্যদানকারী

৫২ আরবী উচ্চারণঃ الحق বাংলা উচ্চারণঃ আল-হা'ক্ব অর্থঃ প্রকৃত সত্য

৫৩ আরবী উচ্চারণঃ الوكيل বাংলা উচ্চারণঃ আল-ওয়াকিল অর্থঃ সহায় প্রদানকারী, আস্থাভাজন, উকিল

৫৪ আরবী উচ্চারণঃ القوى বাংলা উচ্চারণঃ আল-ক্বউইউ অর্থঃ ক্ষমতাশালী

৫৫ আরবী উচ্চারণঃ المتين বাংলা উচ্চারণঃ আল-মাতীন অর্থঃ সুদৃঢ়, সুস্থির

৫৬ আরবী উচ্চারণঃ الولي বাংলা উচ্চারণঃ আল-ওয়ালিইউ অর্থঃ বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক

৫৭ আরবী উচ্চারণঃ الحميد বাংলা উচ্চারণঃ আল-হা'মীদ অর্থঃ সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়

৫৮ আরবী উচ্চারণঃ المحصى বাংলা উচ্চারণঃ আল-মুহছী অর্থঃ বর্ণনাকারী, গণনাকারী

৫৯ আরবী উচ্চারণঃ المبدئ বাংলা উচ্চারণঃ আল-মুব্দি' অর্থঃ অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা

৬০ আরবী উচ্চারণঃ المعيد বাংলা উচ্চারণঃ আল-মুঈ'দ অর্থঃ পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি

৬১ আরবী উচ্চারণঃ المحيي বাংলা উচ্চারণঃ আল-মুহ'য়ী অর্থঃ জীবনদানকারী

৬২ আরবী উচ্চারণঃ المميت বাংলা উচ্চারণঃ আল-মুমীত অর্থঃ ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী

৬৩ আরবী উচ্চারণঃ الحي বাংলা উচ্চারণঃ আল-হাইয়্যু অর্থঃ চিরঞ্জীব, যার কোন শেষ নাই

৬৪ আরবী উচ্চারণঃ القيوم বাংলা উচ্চারণঃ আল-ক্বাইয়্যুম অর্থঃ স্বয়ং স্থিতিশীল

৬৫ আরবী উচ্চারণঃ الواجد বাংলা উচ্চারণঃ আল-ওয়াজিদ অর্থঃ পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী

৬৬ আরবী উচ্চারণঃ الماجد বাংলা উচ্চারণঃ আল-মাজিদ অর্থঃ সুপ্রসিদ্ধ

৬৭ আরবী উচ্চারণঃ الواحد বাংলা উচ্চারণঃ আল-ওয়াহি'দ অর্থঃ এক, অনন্য, অদ্বিতীয়

৬৮ আরবী উচ্চারণঃ الصمد বাংলা উচ্চারণঃ আছ্-ছমাদ অর্থঃ চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ

৬৯ আরবী উচ্চারণঃ القادر বাংলা উচ্চারণঃ আল-ক্বদির অর্থঃ সর্বশক্তিমান

৭০ আরবী উচ্চারণঃ المقتدر বাংলা উচ্চারণঃ আল-মুক্ব্তাদির অর্থঃ প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী

৭১ আরবী উচ্চারণঃ المقدم বাংলা উচ্চারণঃ আল-মুক্বদ্দিম অর্থঃ অগ্রগতিতে সহায়তা প্রদানকারী

৭২ আরবী উচ্চারণঃ المؤخر বাংলা উচ্চারণঃ আল-মুয়াক্খির অর্থঃ বিলম্বকারী

৭৩ আরবী উচ্চারণঃ الأول বাংলা উচ্চারণঃ আল-আউয়াল অর্থঃ সর্বপ্রথম, যার কোন শুরু নাই

৭৪ আরবী উচ্চারণঃ الآخر বাংলা উচ্চারণঃ আল-আখির অর্থঃ সর্বশেষ, যার কোন শেষ নাই

৭৫ আরবী উচ্চারণঃ الظاهر বাংলা উচ্চারণঃ আজ-জ'হির অর্থঃ সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য

৭৬ আরবী উচ্চারণঃ الباطن বাংলা উচ্চারণঃ আল-বাত্বিন অর্থঃ লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ

৭৭ আরবী উচ্চারণঃ الوالي বাংলা উচ্চারণঃ আল-ওয়ালি অর্থঃ সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু

৭৮ আরবী উচ্চারণঃ المتعال বাংলা উচ্চারণঃ আল-মুতাআ'লি অর্থঃ সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ

৭৯ আরবী উচ্চারণঃ البر বাংলা উচ্চারণঃ আল-বার্ অর্থঃ কল্যাণকারী

৮০ আরবী উচ্চারণঃ التواب বাংলা উচ্চারণঃ আত্-তাওয়াব অর্থঃ বিনম্র, সর্বদা আবর্তিতমান

৮১ আরবী উচ্চারণঃ المنتقم বাংলা উচ্চারণঃ আল-মুনতাক্বিম অর্থঃ প্রতিফল প্রদানকারী

৮২ আরবী উচ্চারণঃ العفو বাংলা উচ্চারণঃ আল-আ'ফঊ অর্থঃ শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী

৮৩ আরবী উচ্চারণঃ الرؤوف বাংলা উচ্চারণঃ আর-রউফ অর্থঃ সদয়, সমবেদনা প্রকাশকারী

৮৪ আরবী উচ্চারণঃ مالك الملك বাংলা উচ্চারণঃ মালিকুল-মুলক অর্থঃ সার্বভৌম ক্ষমতার অধিকারী

৮৫ আরবী উচ্চারণঃ ذو الجلال و الإكرام বাংলা উচ্চারণঃ যুল-জালালি-ওয়াল-ইকরাম অর্থঃ মর্যাদা ও ঔদার্যের প্রভু

৮৬ আরবী উচ্চারণঃ المقسط বাংলা উচ্চারণঃ আল-মুক্ব্সিত অর্থঃ ন্যায়পরায়ণ, প্রতিদানকারী

৮৭ আরবী উচ্চারণঃ الجامع বাংলা উচ্চারণঃ আল-জামিই' অর্থঃ একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী

৮৮ আরবী উচ্চারণঃ الغني বাংলা উচ্চারণঃ আল-গণিই' অর্থঃ ঐশ্বর্যবান, স্বতন্ত্র

৮৯ আরবী উচ্চারণঃ المغني বাংলা উচ্চারণঃ আল-মুগনিই' অর্থঃ সমৃদ্ধকারী, উদ্ধারকারী

৯০ আরবী উচ্চারণঃ المانع বাংলা উচ্চারণঃ আল-মানিই' অর্থঃ প্রতিরোধকারী, রক্ষাকর্তা

৯১ আরবী উচ্চারণঃ الضار বাংলা উচ্চারণঃ আয্-যর অর্থঃ যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী

৯২ আরবী উচ্চারণঃ النافع বাংলা উচ্চারণঃ আন্-নাফিই' অর্থঃ অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী

৯৩ আরবী উচ্চারণঃ النور বাংলা উচ্চারণঃ আন্-নূর অর্থঃ আলোক

৯৪ আরবী উচ্চারণঃ الهادي বাংলা উচ্চারণঃ আল-হাদী অর্থঃ পথপ্রদর্শক

৯৫ আরবী উচ্চারণঃ البديع বাংলা উচ্চারণঃ আল-বাদীই' অর্থঃ অতুলনীয়, অনিধগম্য

৯৬ আরবী উচ্চারণঃ الباقي বাংলা উচ্চারণঃ আল-বাক্বী অর্থঃ অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়

৯৭ আরবী উচ্চারণঃ الوارث বাংলা উচ্চারণঃ আল-ওয়ারিস' অর্থঃ সবকিছুর উত্তরাধিকারী

৯৮ আরবী উচ্চারণঃ الرشيد বাংলা উচ্চারণঃ আর-রাশীদ অর্থঃ সঠিক পথের নির্দেশক

৯৯ আরবী উচ্চারণঃ الصبور বাংলা উচ্চারণঃ আস-সবুর অর্থঃ ধৈর্যশীল
Thanks for reading this post. For any quary contact with us by WhatsApp https://chat.whatsapp.com/Fx5E2Otzhqn4nIBXRXpsFk

রবিবার, ৬ মার্চ, ২০২২

হযরত মুহাম্মাদ সাঃ এর জীবনী


প্রাক-ইসলামী যুগে যখন চরম উচ্ছৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা, লুন্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল। অন্যায়-অপরাধ, দ্বন্ধ-সংঘাত, সন্ত্রাস-নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) সারা জাহানের হিদায়েতের জন্য আবির্ভূত হলেন। রাসুল (সাঃ) হলেন বিশ্ব মানতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরুপ প্রেরিত। মহান বিশ্ব পরিচালক ঘোষণা করেনছেন, “আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরুপ।”

 


জন্ম ও শৈশবঃ


হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খৃীস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। অতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের পূর্বে পিতা, ৬ বছর বয়সে মা আমিনাকে হারান। এবং ৮ বছর বয়সে তার দাদা মৃত্যু বরণ করেন। ইয়াতীম শিশু বড় হয়ে উঠে চাচার সযত্ন ভালবাসায়।


নামকরণঃ  


হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম হওয়ার পরই মা আমেনা এ সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরেই তিনি ছুটে আসেন। পরম স্নেহে দেখেন, যত্নের সঙ্গেঁ কোলে নিয়ে কা’বার ভেতর প্রবেশ করেন, আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অতঃপর তাঁর নাম রাখেন ‘মুহাম্মদ’(প্রশংসিত)।


আহমদ নামকরণঃ


বিবি আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে ‘আহমদ’ (উচ্চ প্রশংসিত’) নাম রাখেন। বাল্যকাল হতে মুহাম্মদ ও আহমদ উভয় নামি প্রচলিত ছিল। উভয় নামই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে।


দুগ্ধ পান কালঃ


সর্ব প্রথম তাঁকে তাঁর মাতা হযরত আমেনা দুগ্ধ পান করান। অতঃপর আবু লাহাবের বাঁদী ‘সুওয়াইবা’ তাকে দুগ্ধ পান করায়। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। ‘হাওয়াযিন’ গোত্রের বানী সা’দ এর মহিলা হালীমা ছা’দিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। এমন ভাবে যে, অন্য কোন ধাত্রী শিশু মুহাম্মদকে গ্রহণ করলনা পক্ষান্তরে হালীমা সাদীয়াও অন্য কোন শিশু পেলনা। ফলে বাধ্য হয়ে রসূল কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া সাল্লাম কে গ্রহণ করলেন। গ্রহণ করার পর থেকেই হালীমার ঘরে ইলাহী বরকতের জোয়ার শুরু হল। দুবছর দুগ্ধ পানের পর বিবি হালীমা শিশু মুহাম্মদকে নিয়ে তাঁর মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এই আকাঙ্খাও ব্যক্ত করেন যে, শিশুকে আরো কিছু দিনের জন্য তাঁর নিকট যেন থাকতে দেয়া হয়। এদিকে মক্কায় তখন মহামারী চলছিল। উভয় দিক চিন্তা করে বিবি আমেনা তাঁর শিশুকে হালীমার নিকট ফিরিয়ে দেন। এমনি ভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া সাল্লাম বানী সাদে লালিত পালিত হন। সেখানে তিনি তাঁর দুধ ভাইদের সঙ্গে জঙ্গঁলে ছাগল চরাতেন। (সহীহ আল বুখারী, কিতাবুন নিকাহ, সীরাতুননবীঃ ১/১৭২)


দাদা ও চাচার তত্ত্বাবধানেঃ


হযরত মুহাম্মদ (সাঃ) -এর মাতা-পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাঁর লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন। এমনকি নিজের ছেলেদের উপরও তাঁকে প্রাধান্য দিতেন। নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তাঁর তত্ত্বাবধানে ছিলেন।

দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তাঁর দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল আট বছর। তিনি চাচা আবু তালিবকে বকরী লালন-পালন ও শাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন।


খাদীজা (রাঃ) এর সঙ্গে বিবাহঃ


পঁচিশ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের সাথে রাসূল (সাঃ) এর বিয়ে হয়। অভিজাত সতী, ধনবতী, মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন। হযরত মুহাম্মদ (সাঃ) এর সততা, সত্যবাদীতা ও বিশ্বস্ততা তখন সুবিদিত ছিল। আল-আমীন, আসসাকিন এর প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ (সাঃ) রাজী হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভসহ তার সব কিছু বুঝিয়ে দেন।


রাসূলের গুণ মুগ্ধ ও অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন খাদিজার বয়স ছিল ৪০ বছর। যতদিন তিনি জীবিত ছিলেন রাসূল (সা:) আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি। এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট ১১টি বিয়ে করেন। দু’জন তার মৃত্যুর পূর্বে মারা যান আর ৯ জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন।


শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ)


মহা গ্রন্থ আল কোরআন, ইতিহাস এর যুক্তি-প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী (সাঃ) এর কাছে আল্লাহর দূত জিবরাইল (আ:) কে দিয়ে ওহী (আল্লাহর বাণী) প্রেরন করেন। এ সময় তার বয়স ৪০ পূর্ণ হয়। প্রথমে তিনি স্বপ্নে সে নিদর্শন পান এবং পরে সরাসরি পেয়েছিলেন।


ওহী নাযিলের সূচনাঃ


বেশীর ভাগ সময় তিনি মক্কার প্রসিদ্ধ পাহাড় ‘জাবালে নূরে’ অবস্থিত ‘গারে হেরা’ তথা হেরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানে অতিবাহিত করতেন। থাকার ব্যবস্থাও তিনি আগে থেকেই করে নিতেন। এভাবে একদা তিনি হেরা গুহায় তাশরীফ আনেন এমন সময় তাঁকে নুবুওয়াতের পদমর্যাদা দিয়ে সৌভাগ্যবান করার পবিত্র মুহুর্ত এসে যায়। জন্মের ৪১ তম বছরে ২৭ ই রজব (হিজরতের ১৩ বছর পূর্বে) মুতাবিক ৬১০ খৃষ্টাব্দ তারিখে জাগ্রত ও চৈতন্য অবস্থায় এঘটনা সংঘটিত হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল (আঃ) প্রথমবারের মত তাঁর কাছে, পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ঐষীবাণী, বিশ্বমানবতার মুক্তির পথের দিশারী, জ্বিন ও ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান ‘আল্ কুরআনুল কারীম’ এর সর্বপ্রথম কথাগুলো নিয়ে তাঁর কাছে উপস্থিত হলেন।


“পড় তোমার প্রতিপালকের নামে

তাঁর সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন এবং বলেনঃ পড়ুন। তিনি উত্তর দিলেন আমি কি ভাবে পড়ব? ফেরেশতা বললেনঃ

‘পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, তোমার পালনকর্তা মহা দয়ালু।’

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না”। (সূরা আলাকঃ ১-৫।)


মি‘রাজ তথা উর্দ্ধারোহনঃ

রাসূলুল্লাহ (সঃ) -এর বয়স যখন ৫১ বছর নয় মাস হয়, তখন তাঁকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মি’রাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়। মি’রাজে রাসূলুল্লাহ (সঃ) প্রথমে কা’বা থেকে বাইতুল মুকাদ্দাসে যান, অতঃপর সেখান থেকে এক এক করে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজীমে তাশরীফ গ্রহণ করেন। এ মি’রাজ সফরে রাসুলুল্লাহ (সঃ) পাঁচ ওয়াক্ত নামাযে বিধান লাভ করেন। মি’রাজে গিয়ে রাসূলুল্লাহ (সঃ) জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন।


দাওয়াতের আদেশঃ


মহান আল্লাহ তায়ালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইসলামের দাওয়াতের আদেশ দিয়ে ইরশাদ করেন,

يَاأَيُّهَا الْمُدَّثِّرُ ﴿১﴾ قُمْ فَأَنْذِرْ ﴿২﴾ وَرَبَّكَ فَكَبِّرْ ﴿৩﴾ . (سورة المدثر)

হে চাদরাবৃত ব্যক্তি! ওঠ এবং সতর্ক কর।


গোপনে ইসলামের দাওয়াতঃ


রাসলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় প্রতিপালকের আদেশ যথাযথ পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন। তিনি সর্বপ্রথম আপন পরিবার- পরিজন ও বন্ধু-বর্গকে ইসলামের দাওয়াত দেন। সর্বপ্রথম খাদীজা রা. তাঁর দাওয়াত গ্রহণ করেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবূ বকর সিদ্দীক (রা), ছোটদের মধ্যে আলী ইবনে আবূ তালিব রা. এবং ক্রীতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রা. ইসলাম গ্রহণ করেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ’ লোকদের মাঝে ইসলাম প্রচার করেন।


প্রকাশ্যে ইসলামের দাওয়াতঃ


তিন বছর গোপনে দাওয়াত দেয়ার পর মুহাম্মাদ প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। নবী (সাঃ) সাফা পর্বতের ওপর দাড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে, আল্লাহ ছাড়া কোন প্রভু নেই এবং মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল। এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।


ধৈর্য ও অবিচলঃ


মুসলমানগণ মুশরিকদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবিলা করতেন। কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে সাওয়াব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনড় থাকার পরামর্শ দেন। মুশরিকদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী হলেন : বিলাল ইবনে রাবাহ ও আম্মার ইবনে ইয়াসির রা. প্রমুখ। মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন ইয়াসির ও সুমাইয়া রা. এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ।


আল-আমীন উপাধি লাভঃ


হযরত মুহাম্মদ (সাঃ) বাল্যকাল হতেই চিন্তামগ্ন থাকতেন। তিনি ছিলেন দুর্দশাগ্রস্থ ও নিপিড়ীত মানুষের প্রতি সহানুভূতিশীল। আরববাসী তার নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সৎস্বভাবের জন্য তাঁকে ‘আল-আমীন’ বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন।


তায়েফ গমনঃ


হযরত মুহাম্মদ (সাঃ) এর আশ্রয়দাতা চাচা আবূ তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল। তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল। এ কঠিন পরিস্থিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন। কিন্ত সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পাথর নিক্ষেপ করে আহত করে। ফলে তিনি আবার মক্কায় ফিরে যান।


মদিনায় হিজরতঃ

কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে হত্যা করার ষড়যন্ত্র করে। কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তায়ালা তাকে হেফাযত করেন।

হযরত মুহাম্মদ (সাঃ) স্বীয় ঘর থেকে বের হন এবং আল্লাহ তাআলা কাফেরদের চক্ষু অন্ধ করে দেন যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে না পারে। তিনি চলতে চলতে মক্কার বাইরে আবু বকর সিদ্দীক রা. এর সাথে মিলিত হন। অতঃপর তারা এক সাথেই পথ চলা আরম্ভ করেন। সওর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় তিন দিন পর্যন্ত আত্মগোপন করেন। এ সময়টিতে আব্দুল্লাহ বিন আবূ বকর রা. তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও পানীয় পৌঁছে দিতেন। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সঙ্গী আবু বকর (রা) গুহা হতে বের হন এবং মদীনার পথে যাত্রা শুরু করেন।


মদীনায় নতুন অধ্যায়ের সূচনাঃ


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় পৌঁছে তাকওয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মদীনা শরীফে এ মসজিদটি “মসজিদে কু’বা” নামে পরিচিত।

মদীনাতে রাসুল (স) সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হলো মসজিদে নববী নির্মাণ এবং আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন।


মক্কা বিজয়ঃ


হুদায়বিয়ার সন্ধির পর হযরত মুহাম্মদ (সাঃ) বিভিন্ন গোত্রে তাঁর দাওয়াতী কর্মসূচী অধিক পরিমাণে বিস্তৃতি ঘটাতে সক্ষম হন। ফলে এক বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু বকর মুসলমানদের মিত্র কবীলায়ে খুযা‘আর উপর আক্রমণ করল। এর অর্থ দাঁড়াল কুরাইশ এবং তার মিত্ররা হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করল।

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়ে অত্যধিক ক্রুদ্ধ হন এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে দশ হাজার যোদ্ধার একটি বিশাল সেনাদল গঠন করেন।


তখন ছিল হিজরী অষ্টম বর্ষের রমযান মাস। এদিকে কুরাইশরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মক্কাভিমুখে অভিযানের সংবাদ পেয়ে তাদের নেতা ও মুখপাত্র আবূ সুফিয়ানকে ক্ষমা প্রার্থনা, সন্ধি চুক্তি বলবৎ এবং চুক্তির মেয়াদ আরো বাড়ানোর প্রস্তাব দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট প্রেরণ করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ক্ষমার আবেদন নাকচ করে দিলেন। কারণ তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। আবূ সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতিত আর কোন উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন। অতঃপর সেনাদল (মক্কাভিমুখে) রওয়ানা হয়ে মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন।


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতের লাঠি দ্বারা কা‘বার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন। আর স্বীয় রবের শেখানো আয়াত পাঠ করতে থাকেন,


وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا-


“বল, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।” (সূরা ইসরা : ৮১)

অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন। ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ।


বিদায় হজ্জঃ

দশম হিজরী সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে তাঁর সাথে হজব্রত পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানান।

قول الله تعالى : الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (سورة المائدة : ৩)

তাঁর আহ্বানে লক্ষাধিক সাহাবি উপস্থিত হলেন। তাঁরা যুলকা’দাহ্‌ মাসের পঁচিশ তারিখ তাঁর সাথে মক্কা পানে বের হন। বাইতুল্লায় পৌঁছে প্রথমে তওয়াফ করেন। অতঃপর যিলহজ্জ মাসের আট তারিখ মিনার উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর নয় তারিখ জাবালে আরাফাহ অভিমুখে যাত্রা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করে তাদেরকে ইসলামী বিধি-বিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী তিলাওয়াত করেন- “আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে মনোনীত করলাম।”


বিদায় হজ্জ থেকে ফেরার পর হিজরী ১১ সালের সফর মাসে মুহাম্মদ (স) জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির ওপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা (রাঃ)এর কামরায় অবস্থান করতে থাকেন। তাঁর কাছে সাত কিংবা আট দিনার ছিল,মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলোও দান করে দেন। অবশেষে ১১ হিজরী সালের রবিউল আউয়াল মাসের ১ তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান। এ সময় হযরত মুহাম্মদ (সাঃ) -এর বয়স হয়েছিল ৬৩ বছর।


সর্বোপরি, হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্ব শান্তি প্রতিষ্টায় এক অনন্য নজির স্থাপন করেন, সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব।


ঐতিহাসিক গিবনের ভাষায়,


If all the world was united under one leader, Muhammad would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness.

“সমগ্র দুনিয়াটাকে যদি একত্র করে একজনের নেতৃত্বে আনা যেত তাহলে নানা ধর্মমত, ধর্ম বিশ্বাস ও চিন্তার মানুষকে শান্তি সুখের পথে পরিচালনার জন্য হযরত মুহাম্মদ (সাঃ)-ই হবেন সর্বোত্তম যোগ্য নেতা।”




জনপ্রিয় পোস্ট